


যত দিন যাচ্ছে, প্রযুক্তিগত জ্ঞানে ততই সমৃদ্ধি লাভ করছি আমরা। এর ধারাবাহিকতায় নতুন নতুন ভাবনার সাথে ভিন্নধর্মী ব্যবসার সুযোগ সৃষ্টি হচ্ছে। আর করোনাভাইরাসের হঠাৎ প্রাদুর্ভাবের কারণে আমাদের জনজীবনে যে বিরূপ প্রভাব পড়েছে, তার অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে এই প্রযুক্তিগত সমৃদ্ধির কারণে। কারণ এর ফলে সামান্য পুঁজি নিয়ে অনলাইনে ব্যবসা শুরু করে অনেকেই সাফল্য অর্জন করেছেন।
অনলাইনে ব্যবসার পরিচিতি ও প্রসার খুব দ্রুত হয়। গ্রাহকের কাছে সহজে পৌঁছে যাবার এই সুবিধা অনলাইন ব্যবসায় খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দুয়ার। তাই ঠিকমতো সাজাতে ও প্রমোট করতে পারলে অনলাইনে দ্রুত ব্যবসার প্রসার ঘটে। তবে স্বল্প পুঁজিতে কি নিয়ে ব্যবসা করলে লাভবান হওয়া যাবে - এই বিষয়টি মাথায় রাখা জরুরি। এক্ষেত্রে নিজের জন্যও সহজ হবে এমন কোন বিষয় যা অনলাইনে বেশ জনপ্রিয়, যাতে লোকবল কম হলেও চলবে এসব বিষয়কে কেন্দ্র করে ব্যবসার বিষয় ঠিক করতে হবে।
অনেকেই এখন বুটিক, নিজ হাতে তৈরি গহনা, ঘরের আসবাবপত্র, নারীপুরুষের প্রসাধনী থেকে শুরু করে পোশাক, জুতা, ব্যাগ বিভিন্ন পণ্যের ব্যবসা করছেন। কেউ কেউ ঘরে বানানো ঘি, আচার, কেক থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসা করছেন। অনলাইনে এসকল পণ্যের চাহিদা ও জনপ্রিয়তা অনেক বেশি। অনেকেই আবার অনলাইনে বিভিন্ন রকম ফ্রিল্যান্সিংয়ের কাজ করে হয়ে উঠছে স্বাবলম্বী।
আপনিও চাইলে আপনার প্রতিভা কাজে লাগিয়ে দেখতে পারেন। নতুন আইডিয়া বা নতুন আঙ্গিকে কোন কাজ করে স্বল্প পুঁজিতেই আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারেন - হয়ে উঠতে পারেন একজন আত্মনির্ভরশীল নারী উদ্যোক্তা।