

সাফল্যের পথ কখনও মসৃণ হয় না। সাফল্য পেতে কঠোর পরিশ্রমের সাথে চাই প্রবল আত্মবিশ্বাস। নিজের ভিতর লুকিয়ে থাকা সম্ভাবনাকে চেনার চেষ্টা করাই সাফল্যের প্রথম ধাপ। অনেক সময় আমরা খুব সহজেই ধৈর্য হারিয়ে ফেলি। কিন্তু সাফল্যের জন্যে দরকার অধ্যবসায়। তাই কঠোর পরিশ্রমের পাশাপাশি বিশ্বাস রাখতে হবে নিজের উপর। কারণ, আপনার সাফল্য আপনার নিজের হাতেই।
অনেক সময় আমরা ক্যারিয়ারের ব্যাপারে চিন্তা করতেই ঘাবড়ে যাই। কিন্তু ভয় না পেয়ে আমাদের উচিৎ ক্যারিয়ারের প্রতিটি ধাপকে সহজভাবে নেয়া। ক্যারিয়ার এর প্রথম ধাপ হচ্ছে ইন্টারভিউ। আর ইন্টারভিউ মানেই নিজেকে যাচাই করবার একটি বিশেষ সুযোগ। একটা ইন্টারভিউতে যেমন ভাবে আপনার ইন্টারভিউ যে নিবে সে আপনাকে যাচাই করতে পারে, তেমনিভাবে আপনি নিজেও নিজেকে যাচাই করার সুযোগ পান। ইন্টারভিউয়ের প্রধান ব্যাপার হচ্ছে খুব অল্প সময়ে নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে সবাইকে মুগ্ধ করা। ইন্টারভিউ বিভিন্ন রকমের হতে পারে সেখানে কোন বাঁধা ধরা প্রশ্ন থাকে না। তবে ইন্টারভিউ তে যাওয়ার সময় কিছু বিশেষ প্রস্তুতি নেয়া জরুরী। তারই একটি হলো পোশাক বাছাই। আপনার পোশাকে আপনার ব্যক্তিত্বের প্রতিফলন হয়। পোশাক আপনার আত্মবিশ্বাসের উপরেও বিশেষ প্রভাব রাখে। আসুন জেনে নেই মেয়েদের ইন্টারভিউতে পোশাক বাছাই নিয়ে কিছু বিশেষ টিপস্ঃ
১। যে অফিসে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেখানকার পরিবেশ সম্পর্কে ধারণা নিন আগে থেকেই। কোন ধরণের পোশাক সেখানে পরিধান করা হয় সে সম্পর্কে জানুন। যে অফিসে যেমন পোশাকের চল তেমন পোশাক পরে ইন্টারভিউ দিতে গেলে সেখানে বেশ স্বাছন্দ্য বোধ করবেন। শুধু তাই নয় এতে বোঝা যায় আপনার নিজেকে যে কোন কাজের পরিবেশে মানিয়ে নেওয়ার মানসিকতা যা আপনার জন্যে একটা ইতিবাচক ধারণা দেয়।
২। খুব বেশি হাইহিল ইন্টারভিউতে না পরাই ভালো। কারণ যখন আপনি ইন্টারভিউ রুমে ঢুকবেন তখন হাইহিলের কারণে হাঁটার সময় শব্দ হতে পারে। এছাড়াও হাইহিল পরার কারণে আপনি অনেক বেশি সতর্ক থাকবেন যা হয়তো আপনার ইন্টারভিউকে প্রভাবিত করতে পারে।
৩। পুরনো পোশাক না পরাই ভালো। নতুন ঝকঝকে পরিষ্কার পোশাক পরে ইন্টারভিউ দিতে যান। নতুন পরিষ্কার পোশাক আপনাকে আত্মবিশ্বাস দিবে আর এটা আপনার ইন্টারভিউ যে নিবে তার উপরও ইতিবাচক প্রভাব ফেলবে।
৪। যে রঙের পোশাকে আপনাকে মানায় সেটা বাছাই করুন। অনেক সময় উজ্জ্বল রঙ খুব চোখে লাগে। হাল্কা রঙ এর পোশাক বাছাই করুন। অনেক বেশি উজ্জ্বল রঙের পোশাক আপনার ব্যক্তিত্বকে অনেক সময় নষ্ট করে।
৫। গলায় ভারী গয়না পরবেন না। এতে করে যারা ইন্টারভিউ নিবেন তাদের মনোযোগ নষ্ট হতে পারে। ছোটখাটো গহনা পরতে পারেন সাথে হাতঘড়ি পরা যেতে পারে। চেষ্টা করবেন এমন কোন ধরনের গহনা না পরা যেটাতে আওয়াজ হয়।
৬। প্রিন্টের পোশাক না পরাই ভালো। কারণ প্রিন্টের পোশাক অনেক বেশি চোখে লাগে। এর চাইতে একরঙা পোশাকে আপনাকে বেশ মার্জিত লাগবে।
৭। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পারফিউম। সবসময় চেষ্টা করবেন ইন্টারভিউ দিতে যাবার আগে হালকা পারফিউম ব্যবহার করার। বেশি কড়া পারফিউম ব্যবহারে ইন্টারভিউ যে নিবে তার জন্যে বিরক্তির উদ্রেক করতে পারে।
পোশাক বাছাইয়ের ব্যাপারে প্রস্তুতি শেষে এখন জেনে নিন কোন কোন ব্যাপারে ইন্টারভিউতে কথা বলা উচিত না; বিস্তারিত জানতে ক্লিক করুনঃ https://www.prothomalo.com/life-style/article/352126