প্রশ্ন 1. UDYOG কী?
উত্তর: UDYOG বা Upazila-Driven Youth Opportunity for Growth হল বাংলাদেশ ব্যাংকের একটি কর্মসূচি, যার মাধ্যমে উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও নির্বাচন করে যোগ্য উদ্যোক্তাদের অর্থায়ন এবং উদ্যোক্তা উন্নয়ন সহায়তার আওতায় আনা হবে।
প্রশ্ন 2. আমি সর্বোচ্চ কত টাকা অর্থায়ন পেতে পারি? সুদের হার কত?
উত্তর: সর্বোচ্চ সমন্বিত অর্থায়ন ২০ লক্ষ টাকা। এর কাঠামো ৫০% ব্যাংক ঋণ এবং ৫০% অনুদান। তবে ২০ লক্ষ টাকা সর্বোচ্চ সীমা; এটি নিশ্চিত প্রাপ্যতা নয়। প্রকৃত ব্যবসায়িক প্রয়োজন, প্রস্তাবিত ব্যয় এবং চূড়ান্ত মূল্যায়নের ভিত্তিতে অর্থায়নের পরিমাণ নির্ধারিত হবে।
বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স স্কিম অনুযায়ী ঋণের হারঃ
স্টার্ট-আপ – ৪%
নারী উদ্যোক্তা – ৫%
অন্যান্য – ৭%।
প্রশ্ন 3. আমার ১০ লক্ষ টাকা প্রয়োজন হলে অর্থায়ন কীভাবে হবে?
উত্তর: যদি মূল্যায়নের ভিত্তিতে ১০ লক্ষ টাকা অর্থায়ন অনুমোদিত হয়, তাহলে ৫০:৫০ অনুপাতে ৫ লক্ষ টাকা ব্যাংক ঋণ এবং ৫ লক্ষ টাকা অনুদান হবে।
প্রশ্ন 4. ৫০% অনুদান কি সম্পূর্ণ ফ্রি টাকা?
উত্তর: অনুদানটি শর্তসাপেক্ষ। ঋণ নির্ধারিত সময়ে পরিশোধে ব্যর্থ হলে অথবা অর্থের অপব্যবহার পাওয়া গেলে অনুদানের অর্থ ঋণ/আদায়যোগ্য সরকারি পাওনায় রূপান্তর হতে পারে।
প্রশ্ন 5. আবেদনকারীর বয়সসীমা কত?
উত্তর: আবেদনকারীকে প্রাপ্তবয়স্ক নাগরিক হতে হবে এবং আবেদন গ্রহণের শেষ তারিখে বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে।
প্রশ্ন 6. আবেদনের শেষ তারিখ কবে?
উত্তর: প্রথম পর্যায়ের জন্য আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২৬ (প্রথম পর্যায়ের ৮টি জেলার জন্য)।
প্রশ্ন 7. ব্র্যাক ব্যাংকের গ্রাহক না হলেও কি ব্র্যাক ব্যাংকের মাধ্যমে আবেদন করা যাবে?
উত্তর: হ্যাঁ। যে ব্যাংকে আবেদন জমা দেওয়া হবে, সেই ব্যাংকে আগে থেকেই হিসাব বা অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়।
প্রশ্ন 8. কোথায় আবেদন জমা দিতে পারব?
উত্তর: সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত আবেদনপত্র জমা দেওয়া যাবে।
প্রশ্ন 9. সকল জেলা থেকে আবেদন করা যাবে?
উত্তর: প্রথম পর্যায়ের (১৫ অক্টোবর পর্যন্ত) ৮টি জেলা থেকে আবেদন করা যাবে। জেলাগুলো হলো: মানিকগঞ্জ, ফেনী, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর, নেত্রকোনা ও নওগাঁ।
প্রশ্ন 10. নিজের উপজেলা থেকেই কি আবেদন করতে হবে?
উত্তর: না, আবেদন যেকোনো জায়গা থেকে করা যাবে। তবে আবেদনকারীকে অবশ্যই যে উপজেলায় ব্যবসা সংশ্লিষ্ট, সেই উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নির্ধারিত নাগরিক সনদ/প্রত্যয়নপত্রের মাধ্যমে তা প্রমাণ করতে হবে।
প্রশ্ন 11. আবেদনপত্র কোথায় পাওয়া যাবে?
উত্তর: তফসিলি ব্যাংকের শাখা থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। বাংলাদেশ ব্যাংক, ব্র্যাক ব্যাংকসহ সকল তফসিলি ব্যাংকের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
প্রশ্ন 12. কী কী কাগজপত্র প্রয়োজন?
উত্তর: নির্ধারিত ফরম অনুযায়ী পরিচয়পত্র, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে, দক্ষতা/উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সনদ যদি থাকে, সংশ্লিষ্ট নাগরিক সনদ এবং ফরমে লিখিত পাসপোর্ট সাইজের দুই কপি ছবি প্রয়োজন।
প্রশ্ন 13. আবেদনের জন্য কি আগে থেকেই ব্যবসা থাকতে হবে?
উত্তর: না। বিদ্যমান ব্যবসা/উদ্যোগের পাশাপাশি বাস্তবসম্মত নতুন ব্যবসার পরিকল্পনাও বিবেচিত হতে পারে।
প্রশ্ন 14. কী ধরনের ব্যবসা এই কর্মসূচির আওতায় আসবে?
উত্তর: আইনসম্মত সব ধরনের ব্যবসা বিবেচিত হতে পারে। উদাহরণ হিসেবে কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল এবং প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের আইন দ্বারা নিষিদ্ধ ব্যবসা গ্রহণযোগ্য নয়।
প্রশ্ন 15. আমি ইতোমধ্যে ছোট ব্যবসা করি। আমি কি আবেদন করতে পারি?
উত্তর: যোগ্যতার অন্যান্য শর্ত পূরণ করলে বিদ্যমান উদ্যোক্তা আবেদন করতে পারবেন। তবে, ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য পূর্বে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে থাকলে এই কর্মসূচির আওতায় যোগ্য হবেন না।
প্রশ্ন 16. আমি আগে Personal Loan নিয়েছি। আবেদন করতে পারব?
উত্তর: সার্কুলারে বিশেষভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে পূর্বে নেওয়া ঋণের কথা বলা হয়েছে। সব ধরনের পূর্ববর্তী ঋণকে স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য বলা হয়নি। আবেদনকারীকে ঋণের তথ্য সঠিকভাবে প্রকাশ করতে হবে এবং নির্ধারিত প্রক্রিয়ায় যোগ্যতা যাচাই হবে।
প্রশ্ন 17. ঋণখেলাপি হলে কি আবেদন করা যাবে?
উত্তর: না। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত ব্যক্তি আবেদনের জন্য যোগ্য নন।
প্রশ্ন 18. সরকারি চাকরিজীবী কি আবেদন করতে পারবেন?
উত্তর: সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি UDYOG-এর আওতায় অর্থায়নের জন্য যোগ্য নন।
প্রশ্ন 19. নতুন ব্যবসা হলে Trade Licence থাকা কি বাধ্যতামূলক?
উত্তর: আবেদন ফরমে এখনও ব্যবসা শুরু করেননি এমন আবেদনকারীদের জন্য আলাদা অংশ রয়েছে। এছাড়া নির্বাচিত উদ্যোক্তাদের ব্যবসা নিবন্ধন, Trade Licence ও TIN-এর মতো বিষয়ে সহায়তার কথাও সার্কুলারে বলা হয়েছে।
প্রশ্ন 20. নিজের টাকা বিনিয়োগ করা কি বাধ্যতামূলক?
উত্তর: না, কোনো ন্যূনতম নিজস্ব বিনিয়োগের হার উল্লেখ নেই। উদ্যোক্তার নিজস্ব বিনিয়োগ বা অন্য বৈধ উৎসের অর্থ থাকলে তা অর্থায়ন পরিকল্পনায় বিবেচনা করা হবে।
প্রশ্ন 21. জামানত লাগবে কি?
উত্তর: সার্কুলার অনুযায়ী UDYOG-এর আওতায় সহায়ক জামানত ছাড়াও ঋণ প্রদান করা যাবে।
প্রশ্ন 22. নির্বাচিত হলে কি নিশ্চিতভাবে ২০ লক্ষ টাকা পাব?
উত্তর: না। ২০ লক্ষ টাকা সর্বোচ্চ সমন্বিত অর্থায়নের সীমা। প্রকৃত ব্যবসায়িক প্রয়োজন, ব্যয় পরিকল্পনা এবং চূড়ান্ত মূল্যায়নের ভিত্তিতে অর্থায়নের পরিমাণ নির্ধারিত হবে।
প্রশ্ন 23. UDYOG-এ নির্বাচিত হলে কি ঋণ নিশ্চিত?
উত্তর: না। চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া ঋণ পাওয়ার নিশ্চয়তা নয়। তফসিলি ব্যাংক তার নিজস্ব ঋণ নীতিমালা এবং প্রযোজ্য নিয়ন্ত্রক নির্দেশনা অনুযায়ী Credit Assessment করবে।
প্রশ্ন 24. ঋণ ও অনুদানের টাকা কীভাবে দেওয়া হবে?
উত্তর: অনুমোদিত ঋণ ও অনুদান একই সময়ে, এককালীন এবং অনুমোদিত পূর্ণপরিমাণে উদ্যোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বিতরণ করা হবে। নগদে অর্থপ্রদান করা যাবে না।
প্রশ্ন 25. চেক দিতে হবে কি?
উত্তর: হ্যাঁ। ঋণ ও অনুদান বিতরণের সময় আর্থিক সহায়তা/অনুদানের সমপরিমাণ Post-dated Cheque গ্রহণ করতে হবে।
প্রশ্ন 26. অর্থ যেকোনো কাজে ব্যবহার করা যাবে কি?
উত্তর: না। অনুমোদিত ব্যবসায়িক ব্যয় পরিকল্পনা অনুযায়ী অর্থ ব্যবহার করতে হবে। আবেদনকারীর ঘোষণায় ব্যক্তিগত ভোগ, জমি বা যানবাহন ক্রয়ে এই অর্থ ব্যবহার না করার অঙ্গীকার রয়েছে।
প্রশ্ন 27. খরচের রসিদ বা ভাউচার রাখতে হবে কি?
উত্তর: হ্যাঁ। আবেদনকারীর ঘোষণায় প্রতিটি ব্যয়ের ভাউচার সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী প্রতিবেদন দাখিলের অঙ্গীকার রয়েছে।
প্রশ্ন 28. ব্যাংক কি অর্থের ব্যবহার পর্যবেক্ষণ করবে?
উত্তর: হ্যাঁ। ব্যাংক অনুমোদিত ব্যয় পরিকল্পনা অনুযায়ী অর্থ ব্যবহার হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করবে। ব্যবসার অগ্রগতি, বিক্রয়, নগদ প্রবাহ, ঋণ পরিশোধ এবং কর্মসংস্থান সৃষ্টিও পর্যবেক্ষণের আওতায় থাকবে।
প্রশ্ন 29. ঋণ সময়মতো পরিশোধ করতে না পারলে কী হবে?
উত্তর: ঋণ নির্ধারিত সময় অনুযায়ী পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অর্থ ঋণ/আদায়যোগ্য সরকারি পাওনায় রূপান্তর হতে পারে; পাশাপাশি ঋণের ক্ষেত্রে প্রযোজ্য অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রশ্ন 30. অর্থ অন্য কাজে ব্যবহার করলে কী হবে?
উত্তর: অর্থের অপব্যবহার পাওয়া গেলে অনুদানের অর্থ ঋণে রূপান্তরিত হবে।
প্রশ্ন 31. উদ্যোক্তা কীভাবে নির্বাচন করা হবে?
উত্তর: ব্যবসায়িক ধারণার যৌক্তিকতা ও বাস্তবায়নযোগ্যতা, বাজার সম্ভাবনা, আর্থিক পরিকল্পনা, উদ্যোক্তার সক্ষমতা এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে নির্ধারিত নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে উদ্যোক্তা নির্বাচন করা হবে।
প্রশ্ন 32. আগে আবেদন করলে কি আগে নির্বাচিত হব?
উত্তর: সার্কুলারে নির্ধারিত মূল্যায়ন ও নির্বাচন প্রক্রিয়ার কথা বলা হয়েছে। শুধু আগে আবেদন করার ভিত্তিতে নির্বাচন হবে—এমন কোনো বিধান উল্লেখ নেই।
প্রশ্ন 33. কোনো প্রশিক্ষণ বা ব্যবসায়িক সহায়তা পাওয়া যাবে কি?
উত্তর: প্রত্যেক আবেদনকারী Financial Literacy Programme-এর আওতায় আসবেন। নির্বাচিত উদ্যোক্তারা উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, মেন্টরিং, ব্যবসা নিবন্ধন ও Business Plan তৈরিতে সহায়তা এবং বাজার সংযোগের সুযোগ পেতে পারেন।